নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনের একটি রেস্তোরাঁয় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ পরিষদের নির্বাচনকে সামনে রেখে দাখিল-১৯৯৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাচের বিভিন্ন পর্যায়ের বন্ধু ও সহপাঠীরা অংশ নিয়ে আসন্ন নির্বাচন, ব্যাচের প্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
আগামী ৩ ও ৪ অক্টোবর ২০২৬ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর সহপাঠীদের এমন মিলন ও মতবিনিময়ে পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি অ্যালামনাইয়ের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।
আড্ডা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মু’তাছিম বিল্লাহ মাক্কী, শাহাদাতুল্লাহ টুটুল, আসলাম মিয়া, আশরাফুল কাদির কাঞ্চন, আবদুল কাদের সরকার, আব্দুল হাই, মুহিবুল্লাহ সেলিম, মোঃ হাফিজুল ইসলাম, রহমাতুল্লাহ মিয়া, আনোয়ার হোসেন, খন্দকার আলাউদ্দিন, হাসানুজ্জামান, মাজহারুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন, আব্দুর রহিম, লুৎফর রহমানসহ ব্যাচের অন্য বন্ধুরা।
সভায় বক্তারা বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ব্যাচ থেকে তিনজন নির্বাচিত প্রতিনিধি এবং সাবেক সব ভিপিকে নিয়ে সাধারণ পরিষদ গঠিত হবে। দাখিল পরীক্ষার সালকে ব্যাচ নির্ধারণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে অনুযায়ী দাখিল-১৯৯৪ ব্যাচের কোনো শিক্ষার্থী তা’মীরুল মিল্লাতের দাখিল-১৯৯৪, আলিম-১৯৯৬, ফাযিল-১৯৯৮ অথবা কামিল-২০০০ সালের কোনো একটি সনদ অর্জন করে থাকলে তাকে দাখিল-১৯৯৪ ব্যাচের সদস্য হিসেবে গণ্য করা হবে।
নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী দাখিল-১৯৯৪ ব্যাচের ৯৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে সাবেক ভিপিকে বাদ দিয়ে অবশিষ্ট ৯৫ জন ভোটার থেকে তিনজনকে ব্যাচ প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার কথা রয়েছে।
মতবিনিময় সভায় ব্যাচের প্রতিনিধিত্বের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের পাশাপাশি যারা ব্যাচের অধিকাংশ সহপাঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সাধারণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম—এমন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় অংশ নেওয়া বন্ধুদের সম্মিলিত মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজনের মধ্য থেকে পাঁচজনের নামের একটি প্রস্তাবিত প্যানেল নিয়ে মতবিনিময় হয়। তবে ভোটাররা চাইলে ওই পাঁচজনের বাইরে অন্য প্রার্থীকেও ভোট দিতে পারবেন বলে সভায় স্পষ্ট করা হয়। মূল লক্ষ্য হিসেবে ব্যাচের উপযুক্ত ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
তিন ধাপে অ্যালামনাইয়ের নেতৃত্ব নির্বাচন: সভায় অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়ার সম্ভাব্য তিনটি ধাপ নিয়েও আলোচনা করা হয়।
প্রথম ধাপ: ৩ ও ৪ অক্টোবর প্রতি ব্যাচ থেকে তিনজন করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সাধারণ পরিষদ গঠন করা হবে। এ নির্বাচনের ফলাফল ৫ অক্টোবর প্রকাশের কথা রয়েছে।
দ্বিতীয় ধাপ: সাধারণ পরিষদের সদস্যদের ভোটে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ নির্বাচন ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ফলাফল ১১ অক্টোবর প্রকাশের কথা রয়েছে।
তৃতীয় ধাপ: কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হবেন। এ নির্বাচন ১৩ অক্টোবর এবং ফলাফল ১৭ অক্টোবর প্রকাশের কথা রয়েছে।
উল্লেখ্য, সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সব সদস্যকে নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠনের কথা রয়েছে।
আলোচনা সভায় অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগকে কাজে লাগিয়ে দাখিল-১৯৯৪ ব্যাচ অ্যালামনাই এসোসিয়েশনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তারা নির্বাচনে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ এবং যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে উপস্থিত বন্ধুরা পরস্পরের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক কামনা করে দোয়া করা হয়।





