, ,

রংপুর সদরে আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ ও -পচানি রোগের হানা

নিউজটি শেয়ার করুন

রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমন ধানের ক্ষেতে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ ও পচানি রোগ দেখা দিয়েছে। একাধিক এলাকার কৃষকরা জানিয়েছেন, ধানের গাছ আক্রান্ত হওয়ায় তারা ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন। একই সঙ্গে রোগ-পোকা দমনে কৃষি বিভাগের মাঠপর্যায়ের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।সরেজমিনে গতকাল রবিবার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র। কোথায় চাষিরা ওষুধ স্প্রে করছে আবার কোথাও অপরিপক্ক ধান গাছ কেটে বিক্রি করছে। ঔষধ স্প্রে করেও কোন সুফল পাচ্ছে না চাষীরা। ক্ষোভপ্রকাশ করছে উপসহকারী কর্মকর্তাদের উপর।

খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর পশ্চিমপাড়া,গ্রামের গুলশান ও বড়বাড়ি এলাকার কৃষক আঃ রহিম, শফিকুল ও মোকছেদুল বলেন, আমন ক্ষেতে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ হয়েছে। এর সঙ্গে পচানিও দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ধানের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

হরকলি ফকিরপাড়া এলাকার খাদেমুল, মিনু ও মোস্তা এবং হরিদেবপুর ইউনিয়নের রথিরামপুর পশ্চিমপাড়া গ্রামের অঞ্জলি ও রাধারানী বলেন, তাদের এলাকায় আমন ধানে রোগ-পোকার সমস্যা দেখা দিলেও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত দেখা যায় না। তাদের ভাষায়, “উপ-সহকারী কৃষি কর্মকর্তা এখানে আসেন না, আমরা তাকে চিনি না। পরামর্শ দেওয়া তো দূরের কথা।”

বানিয়াপাড়া এলাকার কৃষক আজিজার ও ওবায়দুলও একই ধরনের অভিযোগ করেন। তারা বলেন, জমিতে সমস্যা দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ সময়মতো না পাওয়ায় কৃষকরা অনেকটা নিজেরাই রোগ-পোকা মোকাবিলার চেষ্টা করছেন।

এদিকে কিসামত হরকলির হযরত ও দুলাল, দক্ষিণ হরিদেবপুরের আলিমুদ্দীন ও ভুট্টু, কামারপাড়ার লেবু ও কাদের, মুলাপাড়ার হারুন ও নুরল এবং হরিদেবপুর বেলবাড়ির ইলিয়াস, নুরআলমের স্ত্রী বুলবুলি, দুলাল ও চন্দন—তারা আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ ও রোগবালাইয়ের কথা জানিয়েছেন।

চন্দনপাট ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের কৃষক আজিজুল ইসলাম, মাঠের হাটের মোফাজ্জল, উকিলপাড়ার আনারুল ও জাহেদ জানান, তাদের এলাকার আমন ক্ষেতেও মাজরা পোকার আক্রমণসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। আক্রান্ত জমি দ্রুত পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে মমিনপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইজাজুল, কালু, মাস্টারপাড়ার রাজ্জাক ও জাহেদ জানান, তাদের এলাকাতেও আমন ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষকদের মধ্যে উদ্বেগ:

কৃষকরা বলছেন, আমন ধানের এ গুরুত্বপূর্ণ সময়ে মাজরা পোকার আক্রমণ ও পচানি রোগ নিয়ন্ত্রণ করা না গেলে ফলন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বাড়তে পারে। অনেক কৃষক রোগ-পোকার সঠিক কারণ ও প্রতিকার সম্পর্কে নিশ্চিত না হওয়ায় কৃষি বিভাগের মাঠপর্যায়ের পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

তাদের দাবি, আক্রান্ত এলাকাগুলো দ্রুত পরিদর্শন করে মাজরা পোকা ও পচানি রোগের প্রকোপ নির্ণয়, প্রয়োজনীয় কৃষি পরামর্শ এবং কার্যকর দমনব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত কৃষকদের জমিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।

রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আমন চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। এ অবস্থায় রোগ-পোকার আক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

তবে কৃষকদের উত্থাপিত অভিযোগের বিষয়ে রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের মুঠোফোন ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।