নিজস্ব প্রতিবেদক: ইউরিক এসিডের সমস্যা, এর সম্ভাব্য জটিলতা এবং সুস্থ জীবনযাপনে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীতে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ল’ইয়ার্স মেডিটেশন সোসাইটির উদ্যোগে ডা. মনিরুজ্জামানের আট পর্বের স্বাস্থ্যবিষয়ক সিরিজ আলোচনার সপ্তম পর্ব হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ‘ইউরিক এসিড: জটিল রোগের গোপন কারণ’।
ব্যারিস্টার মোহাম্মদ গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান। এতে প্রায় দুই শতাধিক আইনজীবী ও তাদের পরিবারের সদস্য অংশ নেন।
সেমিনারে ইউরিক এসিডসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনার পাশাপাশি যোগাসন, দম চর্চা, প্রশ্নোত্তর এবং অটোসাজেশন চর্চার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা কোয়ান্টামের বিভিন্ন প্রকাশনাসামগ্রী সংগ্রহ করেন। আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা ও মানসিক প্রশান্তির বিষয়ে ধারাবাহিকভাবে সচেতনতা তৈরির লক্ষ্যেই সিরিজ আলোচনার আয়োজন করা হচ্ছে।






