মুহাম্মদ মোজাম্মেল হোসেন, সন্দ্বীপ, চট্টগ্রাম: সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৪ হাজার ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘এক দিনে ১ লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার দীর্ঘাপাড়-কোম্পানীগঞ্জ সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হাওলাদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মোহাম্মদ আজিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম এবং সন্দ্বীপের ফরেস্ট কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন, দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফুলমিয়া, সংশ্লিষ্ট ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতারা, দীর্ঘাপাড় বায়তুশ সরফ মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা, মাওলানা কাওসারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অতিথি ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দ্বীপ উপজেলা সন্দ্বীপে উপকূলীয় পরিবেশের সুরক্ষা, মাটির ক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে গাছ লাগানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় সুরক্ষা এবং টিকে থাকা নিশ্চিত করাও জরুরি। সংশ্লিষ্ট উদ্যোগের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশসংশ্লিষ্টরা।
সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় সন্দ্বীপে নেওয়া এ উদ্যোগ স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







