, ,

লালপুরে আতিক আলীর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় অপমৃত্যু মামলা​

নিউজটি শেয়ার করুন

মোঃ আইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রাম থেকে আতিক আলী (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা।​নিহত আতিক আলী তিলকপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে।​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আতিকের পরিবার প্রতিবেশী সেলিম হোসেনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। আতিককে সাথে যাওয়ার জন্য বারবার বলা হলেও তিনি বিষয়টি এড়িয়ে বাড়িতে থেকে যান। বিকেল অনুমান ৪:০০ ঘটিকার দিকে আতিকের মা রুবিয়া বেগম বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই আতিককে শয়ন ঘরের তীরের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ নিচে নামিয়ে প্রাথমিক পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরিবারের ধারণা, বিকেল ৩:০০ থেকে ৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন।​স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় নয় মাস পূর্বে আতিকের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান এবং প্রায় চার মাস আগে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। পারিবারিক এ হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।