, ,

সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বি এফ এ

নিউজটি শেয়ার করুন

শেখ ফরিদ উদ্দিন: সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিতের আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট।

সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কর্তৃক গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। দায়েরকৃত রিট পিটিশন (নং- ১২৫৩১/২০২৬)-এর শুনানিতে মহামান্য হাইকোর্ট বিভাগ গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে বিএফএ থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় সম্প্রতি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের জন্য পরিপত্র জারি করেছিল। তবে এই নীতিমালার কিছু বিধান বিদ্যমান সার ডিলার, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থবিরোধী, অসঙ্গতিপূর্ণ ও বেআইনি দাবি করে বিএফএ গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তা স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে। আবেদনটির কোনো উত্তর না পাওয়ায় পরবর্তীতে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়।

হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে, ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দাখিলকৃত আবেদনটি আদেশ প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই সময়ের মধ্যে সার ডিলার নিয়োগের কার্যক্রম স্থগিত রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বি এফ এ চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে কৃষি সচিব মোঃ সেলিম খানের সাথে কথা বলার চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। পরে তাঁকে ক্ষুদে বার্তা দিয়েও তার কোন জবাব পাওয়া যায়নি।