রাজধানীর কাফরুল থানাধীন মেগা আবাসন প্রকল্প ‘বিজয় রাকিন সিটি’ এখন অপরাধ চক্র, প্রাতিষ্ঠানিক মাফিয়ারাজ, সন্ত্রাসী তাণ্ডব ও কোটি টাকার অনিয়ম-লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে।
প্রকল্পের প্রকৃত জমির মালিক বীর মুক্তিযোদ্ধা পরিবার, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’ (এমএমপিকেএস)-এর ফ্ল্যাট মালিক ও বরাদ্দগ্রহীতারা চরম আতঙ্ক ও মারাত্মক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সমিতির কার্যালয় জবরদখল, নথিপত্র অগ্নিসংযোগ এবং দুর্নীতির অভিযোগে বিতর্কিত উলফাকে অনৈতিক প্রশাসক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রাজধানীর কাফরুলের ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’ (এমএমপিকেএস) ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আইনি নিবন্ধিত হয়। এটি সূচনার লগ্ন থেকেই সমাজকল্যাণ অধিদপ্তরের অনুমোদিত গঠনতন্ত্র অনুসারে নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই নিয়মমাফিক নির্বাচন সম্পন্ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র অনুসরণ করে গত ৭ই ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বশেষ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয় এবং বৈধভাবে নির্বাচিত কমিটিই অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও বিচক্ষণতার সাথে ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সিটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
১৯৯৯ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক আশপাশের অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের মতোই তৎকালীন বাজারদর অনুযায়ী ১৬.০২ একর জমি বরাদ্দ প্রদান করা হয়। অতঃপর সংগঠনের মাধ্যমে প্রত্যেক সদস্যের অনুকূলে ২.৭৫ কাঠার জমি ধার্যকৃত মূল্যে প্লট হিসেবে বরাদ্দ দেওয়া হয়। সদস্যরা এই নির্ধারিত মূল্য সরাসরি তহবিলে জমা করেন এবং সেই জমাকৃত অর্থ দিয়েই জাতীয় গৃহায়নকে জমির শতভাগ মূল্য পরিশোধ করা হয়। শতভাগ মূল্য পরিশোধের পর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে সমিতির অনুকূলে লীজ দলিল গ্রহণ করা হয়। পরবর্তীতে নিজ অর্থায়নে জমির নামজারি, হোল্ডিং ট্যাক্স ও প্রাতিষ্ঠানিক থেকে আবাসিক রূপান্তর ফি পরিশোধ সম্পন্ন করা হয়। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার আওতায় সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ সুবিধা কিংবা আর্থিক অনুদান সমিতিকে প্রদান করা হয়নি কিংবা নেওয়াও হয়নি। উল্লেখ্য যে, বরাদ্দকৃত জমিটি প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর নিচু এলাকা হওয়ায় সদস্যদের নিজস্ব অর্থায়নে মাটি ভরাট ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।
অতঃপর সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে সমিতির উক্ত জমিতে বহুতল আবাসন প্রকল্প নির্মাণের লক্ষ্যে ২০১০ সালের ১০ জুন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ‘রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বিডি লিমিটেড’-কে নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত করা হয়। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মোতাবেক রেশিও অনুপাতে প্রত্যেক প্লটগ্রহীতার ২.৭৫ কাঠার প্লটের বিপরীতে ২টি করে ফ্ল্যাট বরাদ্দের বাধ্যবাধকতা রয়েছে (যার একটি ১৮৭২ বর্গফুট ও অপরটি ১৫৫৩ বর্গফুট)। কিন্তু চুক্তি অনুসারে ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে সমগ্র নির্মাণকাজ সম্পন্ন করে হস্তান্তরের বাধ্যবাধকতা থাকলেও রাকিন কর্তৃপক্ষ চরম অবহেলা ও চুক্তি ভঙ্গের পরিচয় দিয়ে কাজ ঝুলিয়ে রাখে। তারা ‘এ’ টাইপ ফ্ল্যাট ভবনসমূহের মধ্যে কেবল ‘এ-৭’ ভবনটি ২০২০ সালের মার্চে এবং বাকিগুলো ২০১৯ সালের জুনে হস্তান্তর করে। অন্যদিকে ‘বি’ টাইপ ভবনগুলো দীর্ঘ বিলম্বের পর ২০২৩ সালের জুন মাসে হস্তান্তর করা হয়।
ফ্ল্যাটগুলো বুঝে পাওয়ার পর সরকারি বিধিসংক্রান্ত বিধান কঠোরভাবে অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় সদস্যদের মাঝে ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়া হয় এবং বরাদ্দগ্রহীতার অনুকূলে বণ্টননামা দলিল সম্পাদন করা হয়। অতঃপর বণ্টননামা দলিল বুঝে নিয়ে প্রত্যেক ফ্ল্যাটগ্রহীতা নিজ নামে নামজারি ও সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স সম্পন্ন করে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।
নির্ধারিত সময়ে ভবনসমূহ হস্তান্তর না করায় দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ সদস্যদের প্রায় ১০০ কোটি টাকা পাওনা রয়েছে, সমিতির এই পাওনা সমিতিকে বুঝিয়ে দেওয়ার জন্য মাসে মাসে বিল প্রস্তুত করে রাকিনের নিকট জমা দেওয়া সত্ত্বেও যা রাকিন কর্তৃপক্ষ আজ পর্যন্ত পরিশোধ করেনি। তদুপরি, চুক্তিবদ্ধ স্কুল ভবন নির্মাণ কাজ আজ পর্যন্ত শুরুই করা হয়নি। তাছাড়া ভবনগুলোতে মারাত্মক ঝুঁকিপূর্ণ ফাটল, দুর্বল অবকাঠামো, নিম্নমানের সামগ্রী ব্যবহার, অগ্নিনির্বাপণ ও সার্ভিস লাইনের বেহাল দশা, বর্জ্য শোধন প্ল্যান্ট (এসটিপি)-এর কার্যকারিতাহীনতা এবং পরিকল্পিত বৃক্ষরোপণ না করার মতো আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ৩৬টি মারাত্মক নির্মাণ ত্রুটি এখনো বিদ্যমান। এসব পাওনা ফাঁকি দেওয়া ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকতেই রাকিন প্রজেক্টজুড়ে কৃত্রিম সংকট ও অরাজকতা তৈরি করে আসছে।
পূর্বে রাকিনের অনাপত্তি নিয়ে নিবন্ধিত ‘সিটি অ্যাপার্টমেন্ট ওনার্স কো-অপারেটিভ সোসাইটি’ সমবায় অধিদপ্তরের পূর্ণ আইনি অনুমোদন নিয়ে সিটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিচালনা করে আসছিল। কিন্তু প্রজেক্টের ওপর বেআইনি একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে রাকিন উক্ত বৈধ সোসাইটির কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড ভেঙে চুরমার করে দেয়। পরবর্তীতে তারা আব্দুস সাত্তার বিশ্বাসের মতো দুর্বৃত্ত প্রকৃতির কয়েকজন ব্যক্তি ও নেপথ্যের সহযোগী দেলোয়ার জুগলুকে সামনে রেখে একটি অবৈধ পকেট অ্যাসোসিয়েশন খাড়া করে। এই চক্রটি বৈধ কর্মকর্তা, সদস্য ও প্রতিনিধিগণের বিরুদ্ধে নানা ধরনের উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ট্যাগবাজি, মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে সাধারণ অধিবাসীদের মধ্যে ভয়ভীতি ও উচ্ছেদের আতঙ্ক সৃষ্টি করে রাকিনকে দিয়ে প্রজেক্টের নিয়ন্ত্রণ বেআইনিভাবে কুক্ষিগত করে।
ল্যান্ডওনার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের প্রতিনিধিত্বকারী সংগঠনের ওপর রাকিনের অত্যাচার চরম আকার ধারণ করে, যখন তারা নেতাদের কাবু করতে না পেরে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির দুই কর্মকর্তা (সাবেক সেনা সদস্য) রশিদুল আলম ও আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের সাথে হাত মেলান। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনার সময় র্যাব-১-এর অধিনায়ক/সিইও হিসেবে তৎকালীন সেনা কর্মকর্তা কর্নেল রশিদুল আলমের ভূমিকা সর্বমহলে বহুল আলোচিত। উক্ত ক্যাডার চক্রটি রাকিনের কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা রশিদুলের আশকারায় সমিতির নিকট সরাসরি ১ কোটি টাকা চাঁদা দাবি করে। সমিতি কর্তৃক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বহিরাগত সন্ত্রাসী গুন্ডাবাহিনী এনে কার্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। হামলাকারীরা সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লাভলুকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করায় (যাঁরা পরবর্তীতে আদালত থেকে মুক্ত হন) এবং সভাপতি এ. টি. আহমদুল হক চৌধুরীসহ নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে কার্যালয় জবরদখল করে নেয়।
অফিস ঘর জবরদখল করার পর সন্ত্রাসীরা সেখানে রক্ষিত ২০২৪ সালের নির্বাচনের সমস্ত নথিপত্র, বহু বছরের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাগজপত্র, বণ্টননামা দলিল, নামজারি কাগজের ছায়ালিপি, ফ্ল্যাটের মূল কাগজপত্র, কম্পিউটার, স্টিলের আলমারিতে সংরক্ষিত নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংক হিসাবের চেকবই লুটপাট করে এবং বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে। তৎক্ষণাৎ থানায় মামলা করতে চাইলে পুলিশ মামলা না নেওয়ায় পরবর্তীতে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কার্যালয় দখলের পর রাকিন ও চাঁদাবাজ চক্রটি সমাজসেবা অধিদপ্তরের অসৎ কর্মকর্তাদের সহায়তায় একতরফাভাবে প্রথম administrator বানায় সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদকে, যিনি চেয়ারে বসেই তহবিল থেকে কোটি টাকার অধিক অর্থ আত্মসাৎ করেন। দুর্নীতির প্রমাণে তাঁকে অপসারণের পর একই সিন্ডিকেটের মাধ্যমে দ্বিতীয় দফায় administrator বানিয়ে আনা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে দুর্নীতির অভিযোগে অপসারিত ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাকে। উলফা দায়িত্ব নিয়েই তহবিল থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকা লুটপাট করেন, যার প্রতিবাদে গত ১১ই এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী সদস্যরা রাজপথে নেমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এবং সমাজকল্যাণ অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দেন।
পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশন (নং- ২২৩২৪/২০২৫)-এর আদেশে গত ৭ জুলাই ২০২৬ তারিখে ব্যাংক একাউন্ট পরিচালনায় বিধি নিষেধ দেওয়া হলেও আদালতের নির্দেশ অমান্য করে উলফা ৭ থেকে ২২ জুলাইয়ের মধ্যে আরও ২৪.৮০ লাখ টাকা তুলে নেন। সমাজসেবা অধিদপ্তর ভুক্তভোগীদের আবেদনের তোয়াক্কা না করে উল্টো ১ এপ্রিলের ব্যাকডেটে উলফাকে পরিচালকমণ্ডলীর সমকক্ষ ক্ষমতা দেয় এবং একাধিক দফায় মেয়াদ বাড়িয়ে সর্বশেষ গত ২৬ জুলাই ২০২৬ তারিখের স্মারকে পুনরায় আরও ৬ মাসের জন্য তাঁকে প্রশাসকের পদে বহাল রাখে।
এই ক্ষমতার অপব্যবহারের পর administrator উলফা নামজারি সম্পন্ন ও হোল্ডিং ট্যাক্স পরিশোধিত নিবন্ধিত বৈধ ফ্ল্যাট মালিকদের উচ্ছেদ করে রাকিনের পছন্দের লোকজনকে বসাতে গত ১ আগস্ট ২০২৬ সকাল ৯:০০ টার দিকে একাধিক বাস ও মাইক্রোবাসে বিপুলসংখ্যক বহিরাগত সশস্ত্র ক্যাডার এনে ভবনে তাণ্ডব চালান, যা সাধারণ অধিবাসীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ও পুলিশের হস্তক্ষেপ ভেস্তে যায়। উক্ত হামলা ভেস্তে যাওয়ার পর ঘটনা ধামাচাপা দিতে গত ৫ আগস্ট উলফা কয়েকজন সদস্যকে অফিসে ডেকে এনে অবরুদ্ধ করে মানসিক নির্যাতন চালান এবং ফ্ল্যাট বাতিলের সরাসরি হুমকি দেন। একই সাথে তিনি নিয়মবহির্ভূতভাবে একাধিক ফ্ল্যাট অবৈধভাবে দখল করে ভাড়া দিয়ে সেই টাকা থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এবং ব্যাকডেটেড চিঠির ভয় দেখিয়ে আদি ও বৈধ সদস্যদের উচ্ছেদের হুমকি প্রদান করে নতুনদের সদস্যপদ ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া ৪ আগস্টের ব্যাকডেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাকিনের বকেয়া, রাকিনের সার্ভিস চার্জ আদায় এবং রাকিনের সার্ভিস প্রতিষ্ঠা করতে গত ৮ আগস্টের সভায় নিজস্ব সিন্ডিকেটের জন্য অর্থ আদায়ের অপচেষ্টা চালানো হলে অধিবাসীদের তীব্র প্রতিবাদে তাও ভেস্তে যায়।
আইন অনুযায়ী ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে প্রস্তুতকৃত, সমাজকল্যাণ কর্তৃক অনুমোদিত ও পূর্বের অনুমোদিত নির্বাচিত কমিটি কর্তৃক প্রদত্ত ভোটার তালিকা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করাই প্রশাসকের একমাত্র আইনি দায়িত্ব। অথচ উলফা নির্বাচন না দিয়ে বারবার মেয়াদ বাড়িয়ে নিজের পকেট ভারী করছেন এবং রাকিনকে অনৈতিক সুবিধা দিচ্ছেন, যার প্রতিকারে গত ৪ আগস্ট মহাপরিচালক বরাবর তাঁকে বরখাস্তের লিখিত আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা পালন করছে।
জীবনের শেষ সম্বল ও অর্জিত অর্থ বিনিয়োগ করে শত শত বীর মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ অধবাসী আজ নিজস্ব আবাসস্থলে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। এই অবস্থায় প্রজেক্টের নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার, রাকিন কোম্পানির বহুমুখী অনিয়ম, প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া নথিপত্র উদ্ধার, মিথ্যা অপপ্রচার বন্ধকরণ ও সমিতির কর্মকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্থা করার বিরুদ্ধে ব্যবস্থা, শান্তি প্রিয় বাসিন্দাদের আতঙ্কগ্রস্ত করে সিটির পরিবেশ ও শান্তি বিনষ্টকারীদের প্রতিরোধকরণ, দুর্নীতিগ্রস্ত প্রশাসক অপসারণ এবং ভুক্তভোগীদের জানমালের সুরক্ষায় সরকারের প্রধান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।







