, ,

এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম

নিউজটি শেয়ার করুন

বাংলা সাহিত্যে সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতি প্রকাশের একটি নতুন সাহিত্যিক চিন্তা “এক পলকের কাব্য”।

এই সাহিত্যধারার প্রবর্তক শিহাব রিফাত আলম। মাত্র দুই লাইনে একটি পূর্ণাঙ্গ অনুভূতি, চিন্তা, জীবনবোধ, প্রেম, বিরহ, বেদনা, প্রতিবাদ কিংবা দর্শনকে প্রকাশ করাই “এক পলকের কাব্য”র অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা ও মনোযোগের ধরনও বদলে যাচ্ছে। দ্রুতগতির ডিজিটাল যুগে মানুষ অল্প সময়ে তথ্য ও অনুভূতি গ্রহণে অভ্যস্ত হয়ে উঠেছে। এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সাহিত্যের একটি নতুন সংযোগ তৈরির ভাবনা থেকেই শিহাব রিফাত আলম “এক পলকের কাব্য” প্রবর্তন করেন। এর মূল দর্শন হলো, কবিতার শব্দ ও পরিসর সংক্ষিপ্ত হবে, কিন্তু তার অনুভূতি, ভাব ও অভিঘাত হবে গভীর এবং দীর্ঘস্থায়ী।
“এক পলকের কাব্য” দীর্ঘ কবিতার বিকল্প কিংবা বিরোধী কোনো সাহিত্যধারা নয়। বরং এটি দুই লাইনের সংক্ষিপ্ত পরিসরে একটি গভীর অনুভূতি বা ভাবনাকে শিল্পসম্মতভাবে প্রকাশের স্বতন্ত্র প্রয়াস। কবিতাটি পাঠকের চোখের পলকে পড়া শেষ হবে, কিন্তু তার ভাব ও অনুরণন পাঠকের মনে দীর্ঘ সময় ধরে থেকে যাবে,এটাই এই সাহিত্যচিন্তার অন্যতম লক্ষ্য।
বিশ্বসাহিত্যে সংক্ষিপ্ত কবিতার বিভিন্ন ঐতিহ্য রয়েছে। জাপানের হাইকুসহ নানা ক্ষুদ্র কবিতার ধারা অল্প শব্দে গভীর অনুভূতি প্রকাশের সম্ভাবনাকে তুলে ধরেছে। সেই ঐতিহ্যকে অস্বীকার না করে, সমকালীন বাংলা ভাষাভাষী মানুষের দ্রুত পরিবর্তিত জীবনযাপন ও মনোযোগের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে “এক পলকের কাব্য”কে একটি নতুন সাহিত্যিক চিন্তা হিসেবে প্রবর্তন করেছেন শিহাব রিফাত আলম।
এই ধারার মূল কথা একটাই: কবিতার পরিসর ছোট হতে পারে, কিন্তু তার অনুভূতির পরিসর হতে পারে অসীম।

এক পলকের কাব্য
হৃদয় ভেঙ্গে গেছে
হৃদয় ভেঙে গেছে, তবুও উঠে দাঁড়াতে হবে।
‎কারণ তুমি কথা দিয়েছিলে আসবে ফিরে।

‎ শিহাব রিফাত আলম