গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে সাদুল্লাপুর থানা পুলিশ।
অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।
গত ৩০ মার্চ ২০২৬ তারিখে সাদুল্লাপুর থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে থানা পুলিশ।
থানা পুলিশের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গরু উদ্ধার, হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আটক এবং সংঘবদ্ধ ডলার পার্টির মূল হোতাকে গ্রেপ্তার। এসব অভিযানের পাশাপাশি চুরির শিকার এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
অপরাধ দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও সক্রিয় রয়েছে সাদুল্লাপুর থানা পুলিশ। মাদক কারবারি ও অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
এদিকে উপজেলা সদরের যানজট নিরসনেও কাজ করছে থানা পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের ভোগান্তি কমাতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবক। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। অপরাধী যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।
তিনি আরও বলেন, ভুক্তভোগী মানুষ যেন দ্রুত পুলিশের সহযোগিতা পান, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে কোনো শিশু হারিয়ে গেলে কিংবা কোনো পরিবার বিপদে পড়লে তাদের কষ্ট উপলব্ধি করে সহযোগিতা করার চেষ্টা করি। উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের দায়িত্ব পালনের একটি মানবিক দিক। মানুষের মুখে স্বস্তি ও নিরাপত্তার হাসি দেখাই আমাদের কাজের বড় অনুপ্রেরণা।
যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, সাদুল্লাপুরের সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে। তবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মানুষ যেন নির্ভয়ে থানায় এসে তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতা পান, সেটিই আমাদের প্রত্যাশা।
সচেতন মহলের মতে, অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধও জরুরি। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা বাড়লে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হবে।
অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সাদুল্লাপুর থানার কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।







