দেওয়ান মোনাকিব চৌধুরী, মৌলভীবাজার (সদর) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের, হাওর ও জলা ভূমি উন্নয়ন অধিদপ্তর কতৃক হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের কাজের স্বীকৃতিস্বরূপ হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারকে স্বীকৃতিনামা পত্র প্রদান করা হলো।
৪ঠা নভেম্বর বুধবার অধিদপ্তরের মহাপরিচালক সি এম ইউসুফ হোসাইন এর স্বাক্ষর করা একটি প্রত্যায়ন পত্র হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর অফিসে প্রেরন করা হয়।
হাওর নিয়ে কাজ করা একমাত্র সংগঠন, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এই প্রথম এই ধরনের কোনো স্বীকৃতি পেল।
বাংলাদেশের হাওর পরিবেশ সুরক্ষার গুরুত্ব অনেক বেশী। এশিয়া মহাদেশের মিঠাপানির সবচেয়ে বড় রিজার্ভার হচ্ছে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর। দেশের হাওরাঞ্চলের ৭ টি জেলার মধ্যে মৌলভীবাজার অন্যতম। এখানে ছোট বড় ৩০ টি হাওরের মধ্যে হাকালুকি, কাউয়াদিঘি ও হাইল হাওর উল্লেখযোগ্য। মানবসৃষ্ট কারণে এই হাওরগুলোর জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। বিলুপ্তির পথে ২৩০ প্রজাতির মিঠাপানির মাছ। পরিবেশ প্রতিবেশও পড়েছে বিপর্যয়ের মুখে। এমন প্রতিকূল বাস্তবতায়, দীর্ঘ দুই যুগের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে সরকার ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাশ করেছেন। এই আন্দোলনের যৌক্তিকতা অনুভব করে সরকার এই স্বীকৃতি প্রদান করল। সংগঠনের আহবায়ক ও সদস্যসচিব এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের পক্ষ থেকে সরকার তথা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা বলেন, এই স্বীকৃতির কারনে আমাদের আরও অনেক দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেলো। তারা আরও বলেন, হাওর ও জলাভূমি সুরক্ষায় আরও দৃঢ়তার সাথে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এই স্বীকৃতি প্রাপ্তির ফলে সংগঠনের নিরন্তর লড়াই সংগ্রামের সাথে যুক্ত থাকা মানুষদের প্রতি তারা সম্মান জ্ঞাপন করেন। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাওর রক্ষা আন্দোলনের প্রয়াত নেতা গজনফর আলী চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ বাদশা, সৈয়দ আবু জাফর আহমদ সহ যারা এই সংগ্রাম এগিয়ে নিতে নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন। মৌলভীবাজারের দেশ-বিদেশের সকলের সহযোগিতায় জেলার হাওর নদী পরিবেশ রক্ষার ন্যায্য সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করন।







