স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গত ১৭ বছর উত্তর আমেরিকায় বজ্রকন্ঠ, কানাডা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরীকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ায় অভিনন্দন জানিয়েছেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ।
এক ক্ষুদে বার্তায় তিনি জানান, ফয়সাল আহমেদ চৌধুরীর সাথে আমি কাজ করেছি দীর্ঘসময়। তিনি বলেন, আমরা তার নেতৃত্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে কানাডার পার্লামেন্ট এবং মিনিস্টারদের কাছে চিঠি প্রদান করেছি।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সমর্থন ও ভূমিকা ছিল দৃষ্টান্তমূলক। কানাডার পার্লামেন্ট এবং উত্তর আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত কানাডা বিএনপির অবদান মূল্যায়ণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ফয়সল। গত ৩ নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় ফয়সল আহমেদ চৌধুরীকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুই পাতা এক কুঁড়ির দেশ মৌলভীবাজারের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ফয়সল আহমেদ চৌধুরী। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কানাডা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এই নেতা সংগঠনটির তিনবারের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
আজাদ জানান, আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলেও দেশে ও কানাডায় বিএনপির বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় ছিলেন ফয়সল। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নেতাকর্মীদের হয়রানির সময়ে দলীয় অবস্থানের পক্ষে কথা বলেছেন। কঠিন সময়েও দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা ধরে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি।







