সাবেক স্বৈরাচারী শাসনের দীর্ঘ ১৭ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ও চরম রাজনৈতিক নিপীড়নের শিকার স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীকে জড়িয়ে সম্প্রতি একটি চক্রান্তকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার এবং নজিরবিহীন কর্মতৎপরতার কারণেই মূলত একটি কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী ও সিন্ডিকেট তাঁর বিরুদ্ধে এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে ‘মিডিয়া ট্রায়াল’-এর অপচেষ্টা চালাচ্ছে।
সিন্ডিকেটের অবৈধ আবদার প্রত্যাখ্যান ও বদলি-বাণিজ্য রোধ
অনুসন্ধানে জানা যায়, গত ৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী চক্র ও অসৎ ঠিকাদারি সিন্ডিকেট সাবেক সরকারের সুবিধাভোগীদের পু পুনর্বাসিত করে কোটি কোটি টাকার বদলি-বাণিজ্য এবং টেন্ডার দখলের চক্রান্তে মেতে ওঠে। কিন্তু অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব নেওয়া সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই অপশক্তির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তিনি কোনো ধরনের অনৈতিক আবদার, ফাইল আটকে রাখা কিংবা স্বজনপ্রীতির সুযোগ দেননি। ফলে কায়েমি স্বার্থ হাসিল করতে না পেরে ওই অপেশাদার চক্রটি এখন ক্ষুব্ধ হয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
প্রশাসনিক সংস্কার ও কাজের গতিশীলতা
অভিযোগ অস্বীকার করে মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছ করতে সচিব অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। প্রশাসনিক প্রয়োজনে নিরপেক্ষভাবে যোগ্য কর্মকর্তাদের বিভিন্ন শাখায় দায়িত্ব প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কাউকে ব্যক্তিগত স্বার্থে বা একক সিদ্ধান্তে বসানোর যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
এমনকি রাজশাহীর মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পসহ বিভিন্ন টেন্ডার সংক্রান্ত ফাইল আটকে রাখার যে অভিযোগ তোলা হয়েছে, তা মূলতঃ নিয়মতান্ত্রিক যাচাই-বাছাই ও অর্থ সাশ্রয়ের প্রক্রিয়ার অংশ। ভুয়া কেনাকাটা ও বিতর্কিত ঠিকাদারদের অন্যায্য সুযোগ না দিয়ে রাষ্ট্রীয় অর্থের সুষম ব্যবহার নিশ্চিত করার কারণেই এ ধরনের স্বচ্ছ পদক্ষেপকে ‘দেরি’ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
’সকাল ৯টা থেকে রাত ৯টা’—এক কর্মবীর আমলার চিত্র
স্বাস্থ্যসেবা বিভাগের সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর এক ভিন্ন ও প্রশংসনীয় চিত্র পাওয়া যায়। কর্মচারীরা জানান,
”আমাদের স্যার একজন অত্যন্ত বিনম্রি, ভালো মনের ও কর্মঠ মানুষ। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত তিনি বিরতিহীনভাবে মন্ত্রণালয়ের কাজ পরিচালনা করেন। অনেক সময় কাজের চাপে তিনি ঠিকমতো দুপুরের খাবারও খাওয়ার সুযোগ পান না।”
যোগদানের পরপরই সচিব দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ সকল পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন:
”তোমাদের যা প্রয়োজন আমাকে সরাসরি বলবে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো ধরনের বাণিজ্য বা দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না। কোনো আত্মীয় বা বন্ধু-বান্ধবের ভুয়া পরিচয় দিয়ে কোনো অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।”
রাষ্ট্রের উন্নয়ন রুখতে মিডিয়া ট্রায়াল?
সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, একজন নির্যাতিত অথচ দক্ষ কর্মকর্তাকে বিতর্কিত করে স্বাস্থ্য খাতের সুশাসন ও গতিশীলতাকে থমকে দেওয়াই এই অপপ্রচারের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকেও মন্ত্রণালয়ের এই সংস্কারমূলক কাজগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকার প্রধান এ বিষয়ে সজাগ রয়েছেন।
রাষ্ট্র ও জনগণের স্বার্থে যখন স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশাকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চলছে, তখন ভিত্তিহীন অভিযোগ এনে একজন সৎ কর্মকর্তাকে কোণঠাসা করার এ অপচেষ্টা রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। সাধারণ জনগণ ও নাগরিক সমাজকে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের সচেতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।







