নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, মহাসচিব আলাউদ্দিন খন্দকার এবং মোস্তাফিজুর রহমান।
সাক্ষাৎকালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংকট এবং প্রাথমিক বিদ্যালয়ের সমপর্যায়ে জাতীয়করণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঐক্য জোটের নেতারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো। কিন্তু দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে।
সাক্ষাৎকালে নেতারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবি তুলে ধরেন। একই সঙ্গে এ খাতের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে শিক্ষা বিষয়ক উপদেষ্টা দাবিটি পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান ঐক্য জোটের নেতারা। এতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে এসব প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অনিশ্চয়তা কমবে, অন্যদিকে শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা বাড়বে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও সুসংহত হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে দাবি বাস্তবায়নে এখন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।







