গোপাল মালাকার, সাভার: সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ হোসেন (২২), পিয়াল (২২) এবং ইমন (২৪)।
পুলিশ জানায়, একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি (অ্যামিনেশন) উদ্ধার করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান পূর্বেও আসামীদের বিরুদ্ধে একাধিক মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে।





