ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ কথিত পেশাদার ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া-হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মধ্যপাড়া-হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের বাগানে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খাঁ (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে সাতটি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে আটটি, মো. মান্নান ওরফে মান্দার খাঁর বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে একটি, মো. রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে দুটি এবং মো. মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







