জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পানির মটরের জন্য টানা লাইনে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
১৭ ফেবু্রুয়ারি মঙলবার বিকেলে ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত্যু ও আহত হওয়া ব্যক্তিরা পোলাদেশী পশ্চিমপাড়া গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা।
মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) ও কুবেদ মিয়ার ছেলে আঙুর মিয়া (৪৫)। আহত ব্যক্তির নাম সামিদুল ইসলাম (৫০)। তার পিতার নাম ছামাদ মিয়া।
স্থানীয় সুত্রে জানা যায় বিকেলে সামিদুলের বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে টানা একটি বৈদ্যুতিক সেচ পাম্পের লাইনের মাঝামাঝি দূরত্বে কৃষি জমিতে মই দিয়ে উঠে বৈদ্যুতিক তারের ছেঁড়া অংশে টেপ পেঁচাতে যায় সামিদুল। ওইসময় খুঁটি ভেঙে তার ও মইসহ কর্দমাক্ত কৃষিজমিতে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয় সামিদুল।
পরে পাশের জমিতে কৃষিকাজ করতে থাকা মিন্টু মিয়া সামিদুলকে বাঁচাতে এগিয়ে এলে বিদ্যুতায়িত হয় মিন্টু। ওইসময় মিন্টু ও সামিদুলকে বাঁচাতে পাশের কৃষি জমিতে কাজ করতে থাকা আঙুর এগিয়ে এলে আঙুর নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
খবর পেয়ে এলাকাবসি ৩ জনকে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও আঙুরকে মৃত ঘোষণা করেন।
সামিদুলের অবস্থা গুরুতর হওযায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







