, ,

রামুতে পুলিশের অভিযান, ৪০ হাজার ইয়াবা এবং ১ রোহিঙ্গা সহ আটক ২ জন

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের রামুতে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই অভিযানে রামু থানা পুলিশ সহযোগিতা করে।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় আরও ৩ /৪ জন মাদক কারবারি পালিয়ে যায় বলে দাবি করেছেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়ার বাসিন্দা সালেহা বেগম (৪০) এবং উখিয়ার থাইংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু উপজেলা সহ কক্সবাজার সদর বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের মাধ্যমেই মিয়ানমার থেকে চোরাই পথে লক্ষ লক্ষ ইয়াবা ট্যাবলেট আসছে। বেশিরভাগ যুব সম্প্রদায় ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। অনেকে আবার পাচারকারী চক্রের সাথে জড়িয়ে পড়ছে। কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক পরিচয় অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিছু কিছু নেতৃত্ব শ্রেণীর মানুষ এই ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করে বলে সচেতন মহল দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এবং সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা ইয়াবা ও চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, কক্সবাজার সীমান্ত ঘিরে এখনও সক্রিয় রয়েছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্তভিত্তিক চোরাকারবারিদের সমন্বয়ে গড়ে উঠেছে এই নেটওয়ার্ক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আটক নারী, পুরুষ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে। একি সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে গোপন ও প্রকাশ্যে কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা

ডিবি পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়-গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চল্লিশ হাজার ইয়াবা সহ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। রামু থানা পুলিশ আমাদেরকে সহায়তা করেন। মাদকের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করে আসছি। যার পরিপ্রেক্ষিতে বিগত দিনে অনেক মাদক চোরাকারবারি গ্রেপ্তার হয়েছে, বর্তমানেও হচ্ছে; ভবিষ্যতে ও এই নীতি বহাল থাকবে। কক্সবাজারকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।