, ,

যশোর থেকে আগত শিল্প-সংস্কৃতিমনা অতিথিদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা।

নিউজটি শেয়ার করুন

২ নভেম্বর ২০২৬: ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও অতীতকে জানার আগ্রহ মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসের কাছে। সেই আগ্রহ থেকেই যশোর থেকে শিল্প-সংস্কৃতিমনা অতিথিরা পরিদর্শনে আসেন খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা। তাঁদের আগমনে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।

খুলনা নগরীর ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২২ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে এ সংগ্রহশালায় তিন শতাধিক দেশীয় ঐতিহ্যবাহী ও প্রাচীন ব্যবহার্য সামগ্রী সংরক্ষিত রয়েছে। সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগ্রহশালাটির পরিচিতি ছড়িয়ে পড়ায় খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এটি পরিদর্শনে আসছেন।

২ নভেম্বর সকালে যশোর থেকে সংগ্রহশালা পরিদর্শনে আসেন কবি ও সাংবাদিক অমিতাভ চৌধুরী এবং তাঁর ছোট ভাই হাজি মোহাম্মদ মহসিন কলেজের ৩য় বর্ষের ছাত্র শুভ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এমবিএ শিক্ষার্থী ইয়াকুব আলী এবং চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অনিশা দাস।

তাঁরা সংগ্রহশালার প্রতিটি নিদর্শন ঘুরে দেখেন এবং অতীতের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা বিষয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আপনারা যশোর থেকে আমাদের এই সংগ্রহশালা দেখতে এসেছেন, এতে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসাই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।”
সংগ্রহশালা পরিদর্শন শেষে অতিথিরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। বর্তমান প্রজন্মকে অতীতের জীবনযাপন, ব্যবহার্য সামগ্রী ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন সংগ্রহশালা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে মানুষ একটি মোবাইল ফোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। তাই বাস্তব ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়।”

পরিদর্শন শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আগত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনের জন্য তাঁদের আমন্ত্রণ জানান।
ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সাতক্ষীরা থেকে আগত অতিথিদের এই পরিদর্শন খুলনা আর্ট একাডেমির জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।