পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির লেক এলাকার স্থানীয় মৎস্য চাষীদের অংশগ্রহণে টেকসই মৎস্য উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭জানুয়ারী/২৬ ইং ৩.৩০টা মিনিট থেকে ৫টা পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনির অফিস অডিটরিয়াম কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বড়পুকুরিয়া কয়লা খনি।
কর্মশালায় বড়পুকুরিয়া কয়লা খনির লেক এলাকাকে কেন্দ্র করে স্থানীয় মৎস্য চাষীদের সমন্বয়ে কীভাবে টেকসই মৎস্য উৎপাদন ও কার্যকর ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় মৎস্য চাষীরা মৎস্য চাষে বিদ্যমান সুবিধা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় জনগণের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান মোহাম্মদ জাফর সাদিক, জেনারেল ম্যানেজার (জিএম) বড়পুকুরিয়া কয়লা খনি, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর এবং এম.এ. ফারুক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পার্বতীপুর। এছাড়াও কয়লা খনি এলাকার বিপুল সংখ্যক মৎস্য চাষী ও স্থানীয় জনগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, এই কর্মশালার মাধ্যমে বড়পুকুরিয়া কয়লা খনি লেক এলাকার মৎস্য খাতে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।







