নিজস্ব প্রতিবেদক:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এ নবপ্রভাত” — এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র্যালি করেছে গণতন্ত্রী পার্টি।
আজ শুক্রবার সকাল ১০টায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ গণি।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অশোক ধর। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, শ্রম বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী মোল্লা ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম।
বক্তারা বলেন, “মেহনতি মানুষের সংগ্রাম চলছেই, চলবে। মহান মে দিবস অমর হোক।” দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক কল্যাণ ফান্ড যথাযথভাবে ব্যবহারেরও দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি র্যালি প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।







