ময়মনসিংহ নগরীর আবাসন পল্লী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত পাপ্পুকে দীর্ঘদিন পর গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তার আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি দল অভিযান চালিয়ে পাপ্পুকে ইয়াবাসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন।
স্থানীয়দের অভিযোগ, পাপ্পু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শুধু মাদক ব্যবসাই নয়, নগরীর ব্রীজ মোড় এলাকায় সংঘটিত ছিনতাই ও চুরির মালামাল ক্রয়-বিক্রির সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
পাপ্পুর আটকের খবরে আবাসন পল্লী এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ও অপরাধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাপ্পুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।







