, ,

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই- গ্রেপ্তার ৮

নিউজটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সোমা ঘোষ মণিকা

ময়মনসিংহ নগরীতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার একটি দল মো: আরিফুল ইসলাম নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতে বর্বর হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে তাকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, আরিফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মো: রাসেলের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। বর্তমানে ভুক্তভোগী রাসেল ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে ছিনতাই হওয়া আসামির বাবা মো: সাগর আলীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন,
“হ্যান্ডকাফসহ একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। মূল আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সোহরোয়ার্দী হোসেন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিবের এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।