প্রতিবেদক: সাইফুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শনিবার সকালে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান-এর নেতৃত্বে মাধবপুর বাজার ও বাজারের অভ্যন্তরে অবস্থিত পার্ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, স্কাউট শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বাজার ও পার্ক এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পৌর এলাকা গড়ে তুলতে এ ধরনের অভিযান সমগ্র পৌরসভা এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”







