, ,

বেনাপোল দিয়ে ৩ লাখ ৫২ হাজার কেজি ইলিশ আমদানি

নিউজটি শেয়ার করুন

গত জুলাই ও আগস্ট মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ভারতীয় ইলিশ আমদানি হয়েছে। ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করেছে।

বেনাপোল বন্দরের মৎস্য কোয়ারেন্টাইন পরিদর্শক জনাব আসাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানি করা এসব মাছের মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক জনাব রুহুল আমিন জানান, গত জুলাই মাসে তিনটি প্রতিষ্ঠান ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি করে, যার মূল্য ৩৫ লাখ ৪৯ হাজার টাকা এবং আগস্ট মাসে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইলিশ আমদানি হয় ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি, যার মূল্য ৬ কোটি ৫৭ লাখ টাকা। গত ২ মাসে আমদানি করা ইলিশের মোট মূল্য ৬ কোটি ৯৩ লাখ টাকা। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে ইলিশ আমদানি বেড়েছে প্রায় ১১ গুণ।

এদিকে ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানির ফলে বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ সহ যশোরের বিভিন্ন বড় বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

যশোরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, ভারত থেকে আমদানি করা ইলিশকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং আমদানি করা ভারতীয় মাছ হিসেবেই বিক্রি করতে হবে। আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবো। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে।