, ,

বাংলাদেশ হিন্দুলীগের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা ও নতুন আহ্বায়ক কমিটি গঠন

নিউজটি শেয়ার করুন

দিলীপ কুমার দাস: গতকাল মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে বাংলাদেশ হিন্দুলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের মহাসচিব শংকর সরকার-এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচীর শুরুতেই নেতৃবৃন্দ শ্রী শ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের জন্মস্থান ও লীলাভূমি পরিদর্শন করেন। সেখানে তাঁরা মন্দিরে স্থাপিত মহারাজের বিগ্রহ দর্শন ও নিত্য পূজায় অংশগ্রহণ করেন।

পূজা ও প্রার্থনা শেষে আয়োজিত সাংগঠনিক সভায় শ্রীমদ্ভাগবদ্‌ গীতা পাঠ করেন কবি নির্মলানন্দ বিশ্বাস। সভায় বক্তারা বাংলাদেশ হিন্দুলীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার জন্য দলের অভ্যন্তরে কতিপয় ব্যক্তির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে দায়ী করেন এবং এর তীব্র সমালোচনা করেন।
সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
বহিষ্কারাদেশ: দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি দীপক চন্দ্র গুপ্ত এবং সাগর কর্মকার-কে বাংলাদেশ হিন্দুলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুরাতন কমিটি বিলুপ্ত: সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটি গঠন: দলকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বীরেন্দ্রনাথ মৈত্রকে আহ্বায়ক, শংকর সরকারকে সদস্য সচিব এবং সনাতন বিশ্বাসকে যুগ্ম-সদস্য সচিব করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সকলকে এই কমিটির সদস্য করা হয়েছে।
দায়িত্ব অর্পণ: বাংলাদেশ হিন্দুলীগের সাংগঠনিক ভিত্তি মজবুত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব শ্রী বীরেন্দ্রনাথ মৈত্র ও শংকর সরকারের ওপর অর্পণ করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রী হরিসাধন দত্ত, কবি নির্মলানন্দ বিশ্বাস, শ্রী নিরঞ্জন ঘোষ, শ্রী রমেজ বিশ্বাসসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরিশেষে, সভাপতি শংকর সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।