, ,

বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শায়েখ সাফফাত আনোয়ার। এ সময় ড. রতন কুণ্ডু পবিত্র গীতা এবং পল সি. মধু পবিত্র বাইবেল পাঠ করেন। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ড. রতন কুণ্ডু। সংগঠনের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ফয়সাল আহমেদ এবং আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান। সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এএইচএম মাসুম বিল্লাহ। তাঁদের তত্ত্বাবধানে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ছাড়াও পাঁচজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মদ রেজাউল হক ও আতাউর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত রহিম বেলাল, কাউন্সিলর শিরীন আক্তার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল রতন খান, অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন ফয়েজ দেওয়ান, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও সাইফুল হাসান চৌধুরী এবং নিউ সাউথ ওয়েলসের ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন আসনে সংসদ নির্বাচনের প্রার্থী আইনজীবী উপল আমিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য জোরদার এবং পেশাগত যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক এবং জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।