, ,

আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

নিউজটি শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের করণীয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহাম্মেদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সাবেক ফাউন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, নিউজ এশিয়া টিভি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।
এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন হাজী সরাফত আলী, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, মো. নুর নবী, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মো. হোসেন, মোহাম্মদ বাবলু ও আমানত খানসহ দূতাবাসের কর্মকর্তা এবং আবুধাবি, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা অটো-ক্যানসেল, ভিসা নবায়ন, ভিসা জটিলতার কারণে আটকে পড়া প্রবাসীদের সমস্যা এবং ভিসা ট্রান্সফার পুনরায় চালুর বিষয়।
কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে অনেক প্রবাসী নানা ধরনের অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভবিষ্যতেও সংশ্লিষ্ট মহলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ।