, ,

বরিশালে প্রথম ধাপে তিন আসনের মনোনয়ন বাছাই সম্পন্ন, বাতিল-স্থগিত ৪

নিউজটি শেয়ার করুন

॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রাথমিক ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়।

মনোনয়ন যাচাই শেষে বরিশাল সদর–৫ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে একজন এবং বরিশাল–৬ বাকেরগঞ্জ আসনে একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে প্রাথমিকভাবে তিনটি আসনে চারজন প্রার্থী মনোনয়ন জটিলতায় পড়েছেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ কে এম মাহবুব আলমের মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না থাকা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। অপরদিকে বরিশাল সদর–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয় জমা দেওয়া ভোটার তালিকা এবং প্রস্তাব ও সমর্থনকারীদের তথ্য সঠিক না থাকায়।

এদিকে কাগজপত্রের ঘাটতির কারণে দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আয়কর রিটার্ন সার্টিফিকেট দাখিল না করা, ১০-বি ফরম সংযুক্ত না থাকা এবং ছবির সত্যায়ন না থাকায় বরিশাল–৬ বাকেরগঞ্জ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। একইভাবে হলফনামায় স্বাক্ষরের অভাব এবং অঙ্গীকারনামায় অসঙ্গতির কারণে বরিশাল সদর–৫ আসনের বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তীর মনোনয়নও স্থগিত ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। মনোনয়ন বাছাই কার্যক্রম চলাকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, শনিবার (৪ জানুয়ারি) বরিশাল–১, ২ ও ৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া আগামী ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে স্থগিত থাকা দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন।