, ,

বরিশালে অপসোনিন শ্রমিকদের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, উত্তেজনা চরমে

নিউজটি শেয়ার করুন

বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকদের একটি পক্ষ গত ১৮ দিন ধরে বগুড়া রোডের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে। অন্যদিকে চাকরি বহাল থাকা শ্রমিকরা কাজে যোগ দিতে চাইলে তাদেরও বাধার মুখে পড়তে হচ্ছে, ফলে পরিস্থিতি আরও ঘোলাটে আকার ধারণ করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে বগুড়া রোডের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘসময় গাড়ি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

এদিকে মালিকপক্ষের পক্ষ থেকে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, শ্রম আইন অনুসরণ করে স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ জন শ্রমিককে অবসান দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৫০ শতাংশ শ্রমিক ইতোমধ্যে পাওনা গ্রহণ করেছেন। কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্যান্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন, যার ফলে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।

অনিন্দ কুমার আরও জানান, বর্তমানে দেশে ডেঙ্গুর বিস্তার বেড়ে যাচ্ছে। এ অবস্থায় আইভি ফ্লুইডের উৎপাদন বন্ধ থাকলে সংকট তৈরি হবে, যা জনগণের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

এদিকে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা অভিযোগ করেন, তারা সকালে কোম্পানিতে ঢুকতে গেলে চাকরিচ্যুত শ্রমিকদের বাধার মুখে পড়েন। অন্যদিকে চাকরি হারানো শ্রমিকরা বলছেন, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।