, ,

বগুড়ার শিবগঞ্জের জামুরহাট তহসিল অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর জামুরহাট তহসিল অফিস-এ কর্মরত তহসিলদার মাহমুদুল হাসানের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বুড়িগঞ্জ ইউনিয়নসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

অভিযোগ রয়েছে, ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত জামুরহাট তহসিল অফিসে দায়িত্ব পালনকালে মাহমুদুল হাসান ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সাধারণ মানুষকে ভূমি সংস্কার আইনের জটিলতা দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের ভাষ্যমতে, মাত্র ১০০ টাকার খাজনার রশিদ তুলতেও অনেক ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। পারিবারিক বা জমিজমা সংক্রান্ত সমস্যায় সেবা নিতে গেলে কখনো বণ্টন মামলা করার পরামর্শ, আবার কখনো “দখল নেই” এমন অজুহাতে সেবা প্রদান বিলম্বিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে সরকারি নিয়ম অনুযায়ী, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই-বাছাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসী এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত তহসিলদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।