ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার (আলগী ও হামিরদী) ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর ২ আসন তথা (নগরকান্দা ও সালথা) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফার তৃতীয় দিনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কেএম কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান,
১. আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করতে হবে।
২. চেয়ারম্যানসহ আটক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
৩. নিরীহ ও নিরপরাধ জনগণের বিরুদ্ধে দেওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৪. নতুন করে কোনো প্রকার মামলা দেওয়া যাবে না।
৫. রাতের আঁধারে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
আন্দোলনকারীরা আরও জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মানবে না। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গাতে ছিল ভাঙ্গাতেই থাকবে। এর জন্য আমাদের যতদিন প্রয়োজন, ততদিন আমরা রাস্তায় থাকব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করে যাবো।
শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে নারী-পুরুষ, ছোট-বড় সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে মানববন্ধনকারীরা হুশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসকের সাথে আলোচনার পর আপাতত অবরোধ কর্মসূচি স্থগিত করা হলেও, সমস্যার সমাধান না হওয়ায় তারা আবারও মাঠে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়। এর ফলে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভাঙ্গার পরিস্থিতি উত্তাল রয়েছে।







