প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন।
ফেরদৌস সিদ্দিক সায়মন পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের (সিইজি) চিফ কোঅর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ নভেম্বর) থেকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ জলবায়ুকর্মীরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, চলতি বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন সংকটের কারণে কপ-৩১ সম্মেলনে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর সহযোগিতায় সম্মেলনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
সায়মন বলেন, “এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় ভেবেছিলাম কপ-৩১ সম্মেলনে অংশ নিতে পারব না। তবে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে আমার জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো বহুমুখী সংকট মোকাবিলা করছে দেশটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য।
এমন বাস্তবতায় আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট, ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার, তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সায়মন।
তিনি বলেন, “কপ-৩১ সম্মেলন আমাদের জন্য বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।”
জলবায়ু অর্থায়নের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সায়মন আরও বলেন, “আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই, অথচ এর ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছি। তাই এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ের দাবি জোরালোভাবে তুলে ধরব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার পক্ষে সোচ্চার থাকব।”
তিনি মনে করেন, জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর দায়িত্ব গ্রহণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে উঠে আসা তরুণ সংগঠক ফেরদৌস সিদ্দিক সায়মনের এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু বাস্তবতা, পরিবেশগত ন্যায়বিচার এবং তরুণ প্রজন্মের চিন্তা ও প্রত্যাশা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।







