মোঃ আবু হানিফ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামের একদল স্বেচ্ছাসেবক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে চট্টগ্রামের মহেশখালীর উদ্দেশে রওনা হন। এ সময় তারা বিভিন্ন ত্রাণসামগ্রী ও নগদ ১ লাখ ২৯ হাজার টাকা নিয়ে গৌরীপুর বাজার থেকে একটি পিকআপ ভাড়া করেন।
অভিযোগে জানা যায়, পাহাড়তলী এরিয়ার পথে পরিস্থিতি পরিদর্শনের জন্য স্বেচ্ছাসেবকেরা গাড়ি থেকে নেমে গেলে ওই সুযোগে পিকআপের চালক মোহাম্মদ ইয়াসিন (২৮), পিতা: মোহাম্মদ মোশারফ, ত্রাণ বিতরণের জন্য খামে রাখা নগদ অর্থ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর স্বেচ্ছাসেবকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিকটস্থ থানাকে অবহিত করেন এবং পিকআপটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পাহার তলি থানা থেকে গাড়ির মালিক মোঃ আলমগীর হোসেনকে বিষয়টি জানানো হয়।
গাড়ির মালিক আলমগীর হোসেন জানান, ইয়াসিন কয়েক দিন আগে তার প্রতিষ্ঠানে চালক হিসেবে যোগ দেন। প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইয়াসিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।







