তিন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ, ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন
পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে তিন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডির প্রশাসন শাখা থেকে ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে তদন্ত কর্মকর্তাদের পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এলজিইডির চিঠিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক স্বদেশ বিচিত্রায় গত ১ আগস্ট প্রকাশিত ‘পাবনা এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী মনিরুলের আধিপত্য, ঠিকাদারদের লিফলেট বিতরণ’ শিরোনামের প্রতিবেদন এবং E-PRESS NEWS-এর ফেসবুক পেইজে প্রকাশিত ‘ঈশ্বরদীতে পৌনে ৩ কোটি টাকার সড়কে ব্যাপক অনিয়ম, ঠিকাদারদের বিলের ২% ও ৩% না দিলে ফাইল আটকে ও সিনিয়রদের নাম ভাঙিয়ে হুমকি, না মানলেই বদলি’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্তের জন্য মনোনীত তিন কর্মকর্তা হলেন, এলজিইডি সদর দপ্তরের নগর পরিকল্পনা ও নগর অবকাঠামো উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন, নগর ব্যবস্থাপনা শাখার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমাদ।
অফিস আদেশে প্রকাশিত অভিযোগগুলো তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
এদিকে এলজিইডির এমন তদন্ত উদ্যোগে প্রকাশিত অভিযোগগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।







