ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি নির্মাণ শ্রমিক নেতা মোঃ মাহবুব আলমের মৃত্যুতে বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বাবুল। এতে বক্তব্য দেন ইনসাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এবং শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, মাহবুব আলম নব্বইয়ের দশকের শুরু থেকে নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা। নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের জন্য আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ এবং রেশনের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের দাবিতে দীর্ঘদিন আন্দোলন পরিচালনা করেন।
নেতারা আরও বলেন, নওগাঁ অঞ্চলের নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ে মাহবুব আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু শ্রমজীবী মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৬ রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নওগাঁয় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
শোকসভায় নেতৃবৃন্দ প্রয়াত মাহবুব আলমের আদর্শে অনুপ্রাণিত হয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।







