মোঃ আমিরুল ইসলাম: বৃষ্টি ভেজা এই বিকেলে নিঃশব্দ একান্তে বসে যখন শীতল বাতাস আমার হৃদয় ছুঁয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি যেন ভালোবাসার কোনো কবিতা আবৃত্তি করছে।
আকাশজুড়ে ভেসে চলা মেঘের দল আর ঝরে পড়া বৃষ্টির সুরের মাঝে তোমার মায়াবী মুখখানি হঠাৎ জেগে ওঠে আমার সমস্ত অনুভূতির আকাশে।
তোমাকে ভাবতে ভাবতে বুঝি, ভালোবাসা কখনো কাছে থাকার নাম নয়; ভালোবাসা হলো কারও অনুপস্থিতিতেও তার উপস্থিতি অনুভব করার এক অলৌকিক ক্ষমতা। যেমন মেঘ আকাশ ছুঁয়ে থাকে, অথচ ধরা দেয় না; তেমনি তুমি থেকেও যেন অধরা, আর অধরা হয়েও আমার সমস্ত অস্তিত্ব জুড়ে বিরাজমান।
এই স্নিগ্ধ বর্ষাবেলায় আমি হারিয়ে যাই ভাবনাহীন এক প্রশান্তির ভুবনে। সেখানে বৃষ্টি শুধু জল হয়ে ঝরে না, ঝরে হৃদয়ের গোপন আকাঙ্ক্ষা হয়ে; আর তুমি শুধু একজন মানবী নও, তুমি হয়ে ওঠো আমার সমস্ত সুন্দর অনুভূতির নীরব আলো হয়ে।






