, ,

গাঙচিলের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০০তম সাহিত্য সম্মেলন কাল ঢাকায়

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০০তম সাহিত্য সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার ঢাকার কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকবেন খান আখতার হোসেন, হারুনুর রশীদ ও মাহফুজা বীনা।

সকাল সাড়ে ৯টায় জাতীয় ও গাঙচিল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। পতাকা উত্তোলন করবেন কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ।

অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানমালা সার্বিক পরিচালনা করবেন গাঙচিলের সিনিয়র কো-চেয়ারম্যান মেজর পলক রহমান।

প্রথম পর্ব সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান। এ পর্বে থাকবে ক্যাপ-ব্যাজ পরানো ও ফুলেল শুভেচ্ছা, ধর্মীয় আচার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন ঢাকা উত্তর গাঙচিলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান এবং গীতা পাঠ করবেন আজীবন সদস্য নিত্য রঞ্জন বিশ্বাস। ঐক্যতান সঙ্গীত একাডেমির পরিবেশনায় গাঙচিল সঙ্গীত, বাংলাদেশ থেকে কবিতা পরিবেশন করবেন উপদেষ্টা ছড়াশিল্পী মু. এমদাদুল হক এবং ভারত থেকে কবিতা পরিবেশন করবেন শিলিগুড়ি গাঙচিলের সভাপতি কবি পারুল কর্মকার।

স্বাগত ভাষণ দেবেন প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। মহাসচিবের প্রতিবেদন ও কবিতার ব্যঞ্জনা ও বিমূর্ততা বিষয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ড. ইদ্রিস আলী। কবিতার নির্মাণশৈলী ও কলাকৌশল বিষয়ে আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য রাখবেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর। উদ্বোধন করবেন অতিরিক্ত সচিব (অব.) ও কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান।

দ্বিতীয় পর্ব বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাঠ পর্ব। এ পর্বে কবিতায় শুদ্ধ বানান ও প্রমিত শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করবেন অতিরিক্ত সচিব (অব.) তন্ময় হারিস এবং সাহিত্যে এআই প্রভাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অভিনেতা আবদুল আজিজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জালাল উদ্দীন নলুয়া। কবিতা পাঠ করবেন ড. এবিএম শরীফ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, সাঈদা আজিজ, হাসিনা মমতাজ, রওশন আরা রুশো, মোজাইক জহিরসহ দেশের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও খাবারের বিরতি।

তৃতীয় পর্ব দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এ পর্বে জন্মদিনের কেক কাটা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব সোহরাব হাসান। প্রধান আলোচক হিসেবে গদ্য কবিতার রোমান্টিকতা নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল।

অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রানা জামান, সোহেল ফখরুদ্দিন, জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান মহানায়ক রিফাত আলম, শব্দবাড়ির প্রতিষ্ঠাতা শাওন আসগর, মতিন বাঙালি, এবিএম সোহেল রশিদ, সৈয়দ রনো, আতিক হেলাল, মোমতাজুল করিমসহ অনেকে।

এছাড়া থাকবে মোহাম্মদ শামসুদ্দিনের জাদু প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভাপতিত্ব করবেন কারিতাসের পরিচালক ও গাঙচিল ঢাকা জেলার সভাপতি কবি থিওফিল নকরেক।

আয়োজকরা জানিয়েছেন, দুপুরের খাবারের জন্য কুপন থাকবে এবং বিকাল ৪টা থেকে চা-নাস্তার ব্যবস্থা থাকবে।