পটিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু!
চট্টগ্রামের পটিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে মাহবুব আলম সজীব (২৩) নামে এক যুবকের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৯টা থেকে ৯ নভেম্বর (সোমবার) ভোর সাড়ে ৫টার মধ্যে যে কোনো এক সময় পটিয়া থানাধীন ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের আলমদারপাড়া এলাকায় তার নানার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কারণে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বিষপান করেছেন।
নিহত মাহবুব আলম সজীব পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোবারপাড়া এলাকার (বাঁশি মেম্বারের বাড়ি) বাসিন্দা। তিনি জাহাঙ্গীর আলম ও মেহেররাজ বেগম দম্পতির ছেলে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।







