, ,

নজরুলের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ শতবর্ষে গান-কবিতায় সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘কাণ্ডারি হুঁশিয়ার’-এর শতবর্ষ এবং কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে গান ও কবিতা পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের ৫ নম্বর কক্ষে ‘আনন্দ ন সাংস্কৃতিক গোষ্ঠী’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিল্পীরা নজরুলের বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করেন। পরিবেশনার মধ্য দিয়ে কবির সাহিত্যকর্মে প্রতিফলিত সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন শোষণ-বঞ্চনা, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর। তাঁর সৃষ্টিতে মানুষে মানুষে সমতা, ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক মর্যাদার যে আহ্বান রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

গান ও কবিতার পরিবেশনায় নজরুলের সেই মানবিক ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বানও উঠে আসে।

আয়োজকদের মতে, নজরুলের কবিতা ও গান কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়, বরং অন্যায়, বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণার উৎস। ‘কাণ্ডারি হুঁশিয়ার’-এর শতবর্ষে এমন আয়োজনের মধ্য দিয়ে কবির সেই চেতনাকে নতুন করে স্মরণ করা হলো।