, ,

দোকানপাট দখলের অভিযোগ, শেরেবাংলা নগর থানায় মামলা

নিউজটি শেয়ার করুন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় দোকানপাট দখল, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় মো:রিয়াজ উদ্দিন রাজু বাদী হয়েছেন।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, স্থানীয় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, দোকানপাট দখলসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে একটি সরকারি সম্পত্তি দখলের চেষ্টা ও এ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন বলে মামলার নথিতে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নুরুল হক-এর তিন ছেলে রেজাউল হক রেজা, সানাউল হক সানা ও নাইমুল হক সায়েম। মামলার নথিতে রেজাউল হক রেজাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। মেজ ছেলে সানাউল হক যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছোট ছেলে নাইমুল হক সায়েম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগে দাবি করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সানাউল হক আইনজীবী সমিতির সদস্য হওয়ার সুবাদে এলাকার নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দোকানপাট দখলের চেষ্টা করছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪১, ১০৯, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ৫, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।এই মামলা এবং এই ঘটনার ব্যাপারে আসামিদের বাবা বিএনপির বহিষ্কৃত নেতা নুরুল হক এর কাছেজানতে চাইলে,তিনি দৈনিক সকালের সময়ের এই প্রতিবেদক কে বলেন, আমার ফ্যামিলির বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করছে।