শাহ সাহিদ উদ্দিন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে মাদক সেবনের সময় হাতেনাতে রেজাউল (২৪), পিতা- জাকির মিয়া এবং শাকিল (২৬), পিতা- জাহর মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় রাঘবপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
এছাড়া উপজেলার ভিংলাবাড়ি এলাকায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মো. রাসেল খান (২৩), পিতা- কামাল খানকে আটক করা হয়। পরে একই আইনের ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, মাদক, অবৈধ বালু উত্তোলন ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।







