পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন ও মৌকরন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত “তাফালবারিয়া খাল” দীর্ঘদিন ধরে কচুরিপানা, আবর্জনা ও দূষিত পানিতে ভরাট হয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করেছে। প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় ২৫০ ফুট প্রস্থের এই খালটি বর্তমানে সম্পূর্ণভাবে কচুরিপানায় আচ্ছাদিত হয়ে পড়েছে। এই খালের মাঝামাঝি স্থানে রয়েছে মৎস্য অধিদপ্তরের মৎস্য অভয়াশ্রম কেন্দ্র। অভয়শ্রম কেন্দ্রটি প্রকল্পের আওতায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের পানি দীর্ঘদিন স্থির ও দূষিত থাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে খালের পাশের সড়ক দিয়ে হাঁটাচলা করাও অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও খালটির দূষণের কারণে দুই ইউনিয়নের হাজারো মানুষ পরিবেশ দূষণ, বিশুদ্ধ পানির সংকট এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে।
এলাকাবাসীর অভিযোগ, খালের পচা পানি ও আবর্জনার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে নানা ধরনের রোগব্যাধির আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষিকাজ ও স্থানীয় পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত “তাফালবারিয়া খাল” থেকে কচুরিপানা অপসারণ, খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে এলাকার পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার সম্ভব হবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।







