দিনাজপুর জেলা ব্যুরো প্রধান: বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা–২০২৬-এর বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর পুলিশ লাইন্স স্কুলে যথাযথ নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের অংশগ্রহণে সকাল ও বিকেলে পৃথক দুটি অধিবেশনে পরীক্ষা নেওয়া হয়।
সকাল ১০টায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রেলওয়ে জেলা সৈয়দপুর এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে কর্মরত এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তদারকি এবং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও পেশাগত উৎকর্ষের ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রক্রিয়ার অংশ হিসেবে এ বিভাগীয় পরীক্ষা গুরুত্বপূর্ণ। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ছিল। পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেন।





