, ,

তীব্র রোদে গাছ কাটতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত

নিউজটি শেয়ার করুন

সুকুমার নাথ, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় গাছ কাটতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সকালে পদুয়ার ঠাকুরদিঘী এলাকায় গাছ কাটার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ওই শ্রমিক ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান। এতে তিনি প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর লোহাগাড়া জোনাল অফিসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে আহত শ্রমিককে উদ্ধার করে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।