মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল সুগার মিলে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।আজ ৩০শে অক্টোবর (শুক্রবার) বিকেলে মিলের ক্যান ক্যারিয়ার প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চিনি শিল্প দেশের কৃষি ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই মিল কেবল চিনি উৎপাদন করে না, বরং হাজার হাজার কৃষক ও শ্রমিকের জীবিকার সংস্থান করে। মিলটির ধারাবাহিক সাফল্য রক্ষায় চিনি কল ও আখের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া মিলের সার্বিক পরিস্থিতি ও মাড়াই পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া এবং সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম।মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে মোট ১১৩ কার্যদিবসে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার চিনি আহরণের (রিকভারি) হার ধরা হয়েছে ৬.৫০ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক, শ্রমিক ও কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।






