, ,

তালেবে হক সুজন হারুন

নিউজটি শেয়ার করুন

আমি থেকে আমিকে বিয়োগ
আমি থেকে আমিকে বিয়োগ করো,
দেখো কী থাকে শেষে—
নামহীন এক নীরব সত্তা,
আলোর গভীর আবেশে।
যে “আমি” বলে অহংকার করে,
যে “আমি” চায় সম্মান,
যে “আমি” নিজের ছায়া নিয়ে
ঘুরে বেড়ায় অবিরাম—
সেই আমিকে কুরবান করো,
প্রেমের জবাইখানায়;
দেখবে তখন সত্যের সূর্য
উঠে হৃদয়ের আঙিনায়।
আমি যখন আমি থাকি,
তুমি তখন অনেক দূর;
আমি যখন শূন্য হয়ে যাই,
তুমি তখন ভরাও সুর।
আমি থেকে আমিকে বিয়োগ দিলে
ফলাফল শূন্য নয়;
সেই শূন্যের অতল গহীনে
রবের পরিচয় রয়।
ফকিরেরা তাই বলে হেসে—
“নিজেকে নিজে হারাও”,
আমি নামের কারাগার ভেঙে
প্রেমের সাগরে ভাসাও।
যেদিন আমার শেষ আমিটুকু
তোমার চরণে দিলাম,
সেদিন বুঝি প্রকৃত আমির
দরজাখানি খুললাম।
আমি থেকে আমিকে বিয়োগ করো,
এই তো তাওহীদের বাণী—
যে ফল থাকে অবশিষ্ট শেষে,
সেই তো চির-সত্য আমি।