, ,

তালতলীতে বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিউজটি শেয়ার করুন

মো: রিয়াজ তালুকদার স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সাধারণ ও প্রাথমিক সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা অবিলম্বে এই দলীয় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁর সদস্য পদ পুনর্বহালের জোর দাবি জানান।
​মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তালতলী মাছবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
​মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন—জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন, শ্রমিক দলের সদস্যসচিব সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসলাম আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম মাতুব্বর, মো. জাহাঙ্গীর ঘরামি ও মো. হাসান প্যাদা। এ ছাড়া কবির হাওলাদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইকবাল মীর প্রমুখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাঁর দলীয় সদস্য পদ পুনর্বহাল করার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
​দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত একটি চিঠিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকের সদস্য পদ স্থগিত করা হয়। চিঠিতে দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
​এদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং দলের একটি বড় অংশ এর প্রতিবাদে সোচ্চার রয়েছে।