, ,

ঢাকা-১৯ আসনে ৬ দফা দাবি বাস্তবায়নে মতবিনিময়

নিউজটি শেয়ার করুন

মোঃ নজরুল ইসলাম খোকন সাভার (ঢাকা) থেকে : সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের নবীনগরস্থ জয় রেস্তোরাঁয় বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন (ফরহাদ)। তার হাতে শ্রমিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের ৬ দফা লিখিত দাবি হস্তান্তর করেন।

বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাভার-আশুলিয়া দেশের প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার শ্রমিকরা নানাভাবে বঞ্চনার শিকার। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই ৬ দফা দাবি অত্যন্ত জরুরি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন (ফরহাদ) শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উক্ত সভায় স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।