আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সদ্য প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) জামালপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র’ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হবে।”
সভার একটি বড় অংশ জুড়ে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। উপস্থিত নেতাকর্মীরা মরহুমার স্মরণে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সফিউর রহমান শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






