, ,

চাঞ্চল্যকর চাচার হোটেলে দস্যুতা : ডিবির সফল অভিযানে মূল হোতা গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বহুল আলোচিত চাচার হোটেলের মালিক খন্দকার আবু মুছা মোহাম্মদ আদমের বসতবাড়িতে সংঘটিত দস্যুতার ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ঘটনায় জড়িত মূল এক আসামিকে গ্রেফতার করার পাশাপাশি লুণ্ঠিত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গত ১৮ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে খন্দকার আবু মুছা মোহাম্মদ আদম (৫১) নিজ বাসার দরজার তালা খোলার সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে পেছন দিক থেকে ঝাপটে ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। এ সময় তাকে হাত-পা, মুখ ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে পেয়ে বিষয়টি স্ত্রী ও চাচার হোটেলের ম্যানেজার মুস্তাফিজুর রহমান দুদু মিয়াকে জানান।
ঘটনার পর বাসার খাটের নিচে রাখা ট্রাঙ্ক ভেঙে নগদ ২৩ লাখ টাকা ও আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার বিষয়টি জানা যায়।
এ ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬৩, তারিখ-২০ জুন ২০২৫, দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলাটি রুজু হয়।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি ২০২৬ রাত ৭টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন কাঁচিঝুলি এলাকার গোলাপজান রোডের ২৫/খ নম্বর বাসা থেকে স্বপ্না (৪৩) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি আব্দুর রহিমের কন্যা ও ইমরান সরকারের স্ত্রী।
পরে তার বসতঘর তল্লাশি করে বাদীর লুণ্ঠিত নগদ ২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।